গাজীপুরে শরীরে আগুন ধরিয়ে রিমান্ডে থাকা আসামির আত্মহত্যা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ০০:৫১

গাজীপুর সদর থানায় এক আসামি থানা হাজতে নিজ শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মশিউর রহমান (৩৮) ঝিনাইদহের সদরের হালিধানি গ্রামের। তিনি নবজাতক চুরির একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন। ঘটনা তদন্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি প্রধান করা হয়েছে ডিসি (ক্রাইম) শরিফুল ইসলামকে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে দিতে বলা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ সমীর চন্দ্র সূত্রধর জানান, শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরি করে নেওয়ার অভিযোগে গত ১৪ নভেম্বর হাসপাতালের সামনে থেকে একটি মাইক্রোবাসসহ মশিউর রহমান ও আসাদুজ্জামানকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। এ ঘটনায় নবজাতকের নানা হেলাল মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় মশিউর ও আসাদুজ্জামানকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে গত ২১ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনেন তদন্ত কর্মকর্তা এসআই আতিকুল ইসলাম। শনিবার রাতে মশিউর দিয়াশলাই দিয়ে নিজের শরীরের সোয়েটারে আগুন ধরিয়ে দেয়। অপর আসামি আসাদুজ্জামানের চিত্কারে পুলিশ মশিউরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।