গৌরীপুরে নারী চিকিত্সককে উত্ত্যক্তের দায়ে যুবক গ্রেফতার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:৪৯

গৌরীপুরে রোগী সেজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিত্সককে (মেডিক্যাল অফিসার) উত্ত্যক্তের অভিযোগে রুবেল খান নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে নেত্রকোনা জেলা সদরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রুবেল উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা যায়, গত ৮ এপ্রিল রুবেল খান হাঁটুর ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী চিকিত্সকের কাছে আসে। প্রয়োজনীয় ওষুধের একটি ব্যবস্থাপত্র লিখে দেন তিনি। এর পর পর থেকে দুইদিন পর পর রুবেল নারী চিকিত্সককে উত্ত্যক্ত করার চেষ্টা করতো।

এ বিষয়ে ইউএনও ফারহানা করিম বলেন, ওই নারী চিকিত্সক উত্ত্যক্তের শিকার হয়ে আমার বাসায় আসেন। পরে আমি তাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেই। থানায় নির্দেশ দেই রুবেলকে গ্রেফতারের জন্য।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, রুবেলকে  গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্টে প্রেরণের প্রস্তুতি চলছে।