টেকনাফে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৬:৫৮
কক্সবাজারের টেকনাফে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) রবিউন হাসান এবং উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে উপজেলার হ্নীলা স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।
 
প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা দৈনিক ইত্তেফাককে জানান, মহাসড়কের দুইপাশ অবৈধভাবে দখল করে এসব দোকানপাট গড়ে ওঠায় হ্নীলা স্টেশন প্রতিনিয়ত যানজটে লেগে ছিল। উচ্ছেদ করায় লোকজন অন্তত যানজটমুক্ত স্টেশনে চলাফেরা করতে পারবে।
 
উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা জানান, পর্যটন উপজেলা এবং সীমান্তবর্তী এলাকা হিসেবে সরকারের উচ্চ পর্যায়ের লোকজন এই রুট দিয়ে যাতায়াত করেন। যানজটমুক্ত রাখতে এই অভিযান চালানো হয়েছে। উচ্ছেদকৃত জায়গা পুনরায় দখল না করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন তিনি।
 
উচ্ছেদ অভিযানকালে হ্নীলা ইউপির চেয়ারম্যান এইচ. কে. আনোয়ার, প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, ইউপি মেম্বার হোসাইন আহমদ, জামাল উদ্দিন, ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/বিএএফ