বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বিএনপিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার বরিশালের উজিরপুরের ভবানীপুর তাহেরুদ্দিন ডিগ্রি কলেজে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত কর্মীসভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, নির্বাচনে আসুন, না হলে এবারও বাস মিস করবেন। আপনাদের সঙ্গে সংলাপের কারণে তফসিল চারদিন পিছিয়ে ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বিতর্ক করে সময় ক্ষেপণ করার কোনো কারণ নাই বরং ঐক্যফ্রন্ট আর বামদের উচিত হবে নির্বাচনে অংশ নেয়া।
তিনি বলেন, জনগণ আগামী নির্বাচনেও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক ফাইজুল হক বালী ফারাইনের সভাপতিত্বে সভায় ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বরিশাল-৩ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী এডভোকেট শেখ টিপু সুলতান এমপি, যুব মৈত্রীর সহ-সভাপতি আব্দুল আহাদ মিনার প্রমুখ বক্তব্য রাখেন। বাসস
ইত্তেফাক/কেকে
