রামুতে ২ বোনের আত্মহত্যা

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৯:১১
রামুতে আপন দুই বোন আত্মহত্যা করেছে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিকদার পাড়া গ্রাামে। আত্মহত্যাকারী দুই বোন একই এলাকার নজির হোসেনের মেয়ে মরজিনা আক্তার (১৭), তসলিমা আক্তার (১৩)। 
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় মা বাবা ও অন্য সদস্যরা ঘরে ছিলেন না। এই সময় এক রুমে গিয়ে তারা পরনের ওড়না ঘরের বিমের সঙ্গে আটকিয়ে তা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাদের ছোট ভাই লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। 
 
তার শোর চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে মহিলা মেম্বার রাবিয়া খানমকে খবর দেয়। পরে এ খবর রামু থানার পুলিশকে জানানো হলে তাৎক্ষণিক ওসি তদন্ত মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এসে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়।
 
স্থানীয় চৌকিদার জয়নাল জানান, এ সময় তাদের লিখে যাওয়া একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। এ চিরকুটে তারা লিখেছে ‘আমাদের মৃত্যুর জন্য মা-বাবা এমন কি পরিবারের কেউ দায়ী নয়’।
 
সূত্রে জানা গেছে, মরজিনা আক্তারের বিয়ের কথাবার্তা চলছিল। আর তসলিমা স্থানীয় একটি হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ছিল। তবে তারা কি কারণে আত্মহত্যা করেছে কেউ বলতে পারেনি।
 
রামু থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
 
ইত্তেফাক/নূহু