সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত চেয়ে রিট

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ০০:৫২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে বলা হয়েছে, সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে তফসিল ঘোষণা করা হয়েছে তা সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ ধারার পরিপন্থী। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে রিটে।

রিটকারী আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ওই তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য ছিল। পরবর্তীকালে নির্বাচনের পুনঃতফসিল দেয়া হয়। পূর্বের ঘোষিত তফসিল স্থগিত বা বাতিল না করে ১২ নভেম্বর দেয়া পুনঃতফসিল দেয়া আইনসঙ্গত নয়।