স্পোর্টস রিপোর্টার
আইপিএলে যোগ দিয়েছিলেন পরের দিকে; বিকল্প খেলোয়াড় হিসেবে। সেই আইপিএল খেলতে এসেই ইনজুরিতে পড়েছেন দক্ষিণ আফ্রিকার সিনিয়র ফাস্ট বোলার ডেল স্টেইন। এই ইনজুরিতে শেষ হয়ে গেছে তার এবারের আইপিএল অভিযান। তবে স্টেইনের বিশ্বকাপ নিয়ে খুব একটা সংশয় নেই। বরং বিশ্বকাপকে নিরাপদ রাখতেই দেশে ফিরে গেছেন তিনি।
২১ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পেসার স্টেইন। এই ম্যাচের পরই তার কাঁধ ফুলে ওঠে। এরপর তাকে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে বিশ্রামে রাখা হয়। কিন্তু তার সেরে ওঠার প্রক্রিয়া দ্রুত না হওয়ায় ৩৫ বছর বয়সী এই পেসার নিজেই সিদ্ধান্ত নিয়েছেন দেশে ফিরে গিয়ে বিশেষজ্ঞ চিকিত্সক দেখাবেন। কারণ, বিশ্বকাপকে সংশয়ে রাখতে চান না তিনি।
ব্যাঙ্গালুরু দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে দলের চেয়ারম্যান সঞ্জীব চাওলা বলেছেন, ‘ডেল স্টেইনকে কাঁধের ফুলে ওঠার জন্য যথেষ্ট বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় ডেলকে আইপিএলের এই মৌসুমে আর পাওয়া যাবে না। তার উপস্থিতি আমাদের দলের জন্য দারুণ উপকারী ছিলো। আমরা তার প্রেরণা, আবেগ ও খেলোয়াড়ি অবদানের জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।’
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ম্যানেজার ডক্টর মোহাম্মদ মুসাজি বলেছেন, তারা এই পেসারের দ্রুত সেরে ওঠার জন্য যা করার করবেন, ‘যেল ওখানে দ্বিতীয় ম্যাচ খেলার পরই অস্বচ্ছন্দ বোধ করতে শুরু করে। পরীক্ষা নিরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে যে, তার ডান কাঁধে কিছু আঘাত লেগেছে। বিশ্বকাপ যেহেতু একদম কাছেই চলে এসেছে, তাই দল ১৯ মে দেশ ছাড়ার আগেই আমাদেরকে ওকে সুস্থ করে তুলতে হবে। সে দেশে ফেরার পর একজন কাঁধ বিশেষজ্ঞর সাথে পরামর্শ করবে এবং সেই অনুযায়ী তার সেরে ওঠার প্রক্রিয়া ঠিক করা হবে।’ -বাফুফে
