সূচকের বড় উত্থান বেড়েছে লেনদেন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৭

টানা চার কর্মদিবস দরপতনের পর গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ।

গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৮৮ পয়েন্টে অবস্হান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৫২ কোটি ৫৭ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ২১৫ কোটি ১ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা। ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৯৫টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় স্থান করে নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সাতটির শেয়ার দিনের দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে।

এই সাত কোম্পানির মধ্যে রয়েছে—বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, একমি পেস্ট্রিসাইড, ইয়াকিন পলিমার, ইনফরমেশন সার্ভিসেস, ইউনিয়ন ইনসিওরেন্স এবং বিডি থাই ফুড। এই প্রতিষ্ঠানগুলোর শেয়ার দিনের সর্বোচ্চ দামে লেনদেন হলেও এক পর্যায়ে বিক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়ে। আর লভ্যাংশ ঘোষণার কারণে দাম বাড়ার সীমা উন্মুক্ত থাকা অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম বেড়েছে ১৯ শতাংশ।

গতকাল ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৯৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিমের ৯০ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৭০ কোটি ৯৪ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ওরিয়ন ফার্মা, আরএকে সিরামিক, ফারইস্ট ইসলামী লাইফ, ন্যাশনাল পলিমার, বিডি ফাইন্যান্স এবং ইউনিয়ন ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২২৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ২৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৩টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

ইত্তেফাক/ইউবি