বায়ার্ন জার্মান কাপের ফাইনালে

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:৫২

স্পোর্টস ডেস্ক

রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে বায়ার্ন মিউনিখ গত বুধবার ওয়ের্ডার ব্রেমানকে ৩-২ ব্যবধানে হারিয়ে জার্মান কাপের ফাইনালে উঠেছে।

বায়ার্ন টানা দ্বিতীয় বছরের মতো এ কৃতিত্ব দেখাল। এর ফলে তাদের লিগের পাশাপাশি জার্মান কাপ মানে ‘ডাবল’ জয়ের সুযোগ থাকল। দলটি এর আগে গত সপ্তাহে লিগের খেলাতেও হারিয়েছিল ওয়ের্ডার ব্রেমানকে ।

ব্যাভারিয়ান দলটি অবশ্য গত বছর এই কাপের ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুটের কাছে পরাস্ত হয়েছিল। এবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ আরবি লিপজিগ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। জিতলে এটা হবে বায়ার্নের রেকর্ড ১৯তম জার্মান কাপ জয়। মূলত লেভানডোভস্কির ৮০তম মিনিটের পেনাল্টিতে জয় নিশ্চিত হয় বায়ার্নের। এ প্রসঙ্গে কোচ নিকো কোভাচ বলেন, ‘আমরা জানতাম এটা কঠিন হবে। আমরা পেনাল্টি পেয়েছিলাম। তবে এটা ঠিক যে সুযোগও পেয়েছিলাম আমরা।’ কোভাচ এ ফাইনালে জয় পেলে তিনি হবেন আলাদা দলের হয়ে জার্মান কাপ জেতা প্রথম কোচ।