বঙ্গমাতা আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৯) ফুট

নিজেদের মাঠ তবুও বিপক্ষ কিরঘিজদের খেলা দেখেনি মৌসুমিরা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:৫৩

স্পোর্টস রিপোর্টার

বঙ্গমাতা আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৯) ফুটবলে আজ কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা। ‘বি’ গ্রুপের শেষ খেলা। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছে। দ্বিতীয় খেলায় প্রতিপক্ষ কিরগিজস্তান। কিন্তু কিরগিজস্তানের ফুটবলাররা কেমন তা মাঠে বসে দেখার সুযোগ পেয়েও সেটা গ্রহণ করেনি বাংলাদেশ দল। বাফুফে ভবন হতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম  হাঁটার দূরত্বে। ঘরের মাঠে খেলা, দু’দিন পর যারা প্রতিপক্ষ তাদের খেলাটা আগে হতে দেখার সুযোগ কে ছাড়বে। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখেছেন কিরগিজ ফুটবলাররা। জেনে নিয়েছেন বাংলাদেশের শক্তি সামর্থ্য। কোচ ছোটনও সেদিন বলছিলেন সবাই চাইবে প্রতিপক্ষের খেলা দেখতে। কিন্তু খেলোয়াড়রা সুযোগ থাকার পরও কেন খেলা দেখলেন না এই নিয়ে প্রশ্ন উঠলে ছোটন জানিয়েছেন তারা নিজেরা খেলা দেখেছেন। আর অধিনায়ক মৌসুমী বলেছেন,‘গরমের কারণে মাঠে যাওয়া হয়নি। তাপমাত্রা অনেক বেশি। টিভিতে রিল্যাক্স করে খেলা দেখেছি।’ তবে তাপমাত্রাই যদি একমাত্র কারণ হয়ে থাকে সেটাও মিলছে না। কারণ খেলা হচ্ছে সন্ধ্যা ৬টায়, তখন তাপমাত্রা কমে যাচ্ছে। আর খেলোয়াড়রা যেখানে বসে খেলা দেখবেন সেটা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এ ব্যাপারে জানতে চাওয়া হলে বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পল ম্মলী বলেন,‘ওদের খেলা দেখার দরকার নেই। আমরা কিরগিজস্তান সম্পর্কে জানি। শুধু কিরগিজস্তানই নয় টুর্নামেন্টের সব দল সম্পর্কে আমাদের কাছে তথ্য রয়েছে। ভিডিও রয়েছে।’

বাংলাদেশের বিপরীত অবস্থানে কিরগিজস্তান। প্রচণ্ড গরম উপেক্ষা করে হোটেল রুম ছেড়ে স্টেডিয়ামে এসেছেন, খেলা দেখেছেন কিরগিজ খেলোয়াড়রা।