সূরা রা’দ-২৫ বলা হয়েছে, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাদের জন্য লা’নত এবং মন্দ আবাস। বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মোকদ্দমার ফয়সালা হবে তা হলো রক্ত এবং হত্যা সম্পর্কিত
মো. রাশেদ আহমেদ
ইসলাম শব্দের অর্থ শান্তি। মানবতা আর শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই, যেখানে সন্ত্রাসবাদকে সমর্থন করা হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে কেউ ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নামে, সেখানে সে স্থায়ী থাকবে (সূরা নিসা-৯৩)। সূরা রা’দ-২৫ বলা হয়েছে, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাদের জন্য লা’নত এবং মন্দ আবাস। বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মোকদ্দমার ফয়সালা হবে তা হলো রক্ত এবং হত্যা সম্পর্কিত। শুধুমাত্র কোরআন হাদীসে নয় সনাতন গ্রন্থ বাইবেলও ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। সাধারণ অর্থে সন্ত্রাসবাদ বলতে বুঝায়— যখন একদল মানুষ কোনো সংগঠন বা গোষ্ঠীর আড়ালে সাম্প্রদায়িক বা ধর্মদর্শনমূলক সংকীর্ণ উদ্দেশ্য সাধনে নাশকতা চালায়, মানুষের জীবনকে বিপন্ন করে। ভয়ভীতি প্রদর্শন করে মানুষের রক্ত ও জীবন নেওয়া হচ্ছে সন্ত্রাসবাদের প্রধান উদ্দেশ্য।
একসময় জঙ্গিবাদ শব্দটা শুধুমাত্র মুসলিম বিশ্বের জন্য ব্যবহূত হলেও আজ তা বিশ্ব পরিমন্ডলে বিস্তৃত। এমনকি ইউরোপের শান্ত দেশগুলোতে প্রতিনিয়ত সন্ত্রাসী জঙ্গিবাদের কর্মকাণ্ড ঘটছে। যার উজ্জ্বল দৃষ্টান্ত নিউজিল্যান্ডের মসজিদে হামলা ও হতাহতের ঘটনা। যা বিশ্ববাসীর হূদয়কে আঘাত করে। বর্তমান উপাসনালয়গুলো সন্ত্রাসবাদ ও জঙ্গিদের প্রধান টার্গেটে পরিণত হচ্ছে। যা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী। অতি সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় গীর্জায় হামলার ঘটনায় স্তব্ধ গোটা বিশ্ব। যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তারা কখনোই কোনো ধর্মের অনুসারী হতে পারে না।
লেখক: শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
