গাইবান্ধা জেলা কারাগারের হাজতির মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:১১

গাইবান্ধা জেলা কারাগারের মাদক মামলার হাজতি বিল্লাল হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় বুধবার গাইবান্ধা জেনারেল হাসপাতালে মারা গেছেন। বিল্লাল হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

গাইবান্ধা জেলা কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, মাদক মামলার আসামি বিল্লাল হোসেন ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর থেকে কারাগারে অবস্থান করছিলেন। শ্বাসকষ্টসহ অন্যান্য রোগে আক্রান্ত হাজতি বিল্লাল হোসেন গত ২৫ জানুয়ারি বিকালে বেশি অসুস্থ বোধ করলে তাকে গাইবান্ধা পুলিশ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে পুলিশ হাসপাতাল থেকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুব হোসেন বলেন, শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতায় ভোগা বিল্লাল হোসেনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসা শুরুর প্রথমদিকেই তার মৃত্যু হয়। পোস্টমর্টেম করার জন্য আবাসিক চিকিৎসকের নেতৃত্বে দুই সদস্যের টিম গঠন করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম