গাইবান্ধায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৯

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে আহতরা হলেন- জিগাবাড়ী গ্রামের মো. মুকুল মিয়ার স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৩৮), তার ছেলে মো. রাকিবুল হাসান (১৩), মো. ইয়াকুব আলীর ছেলে মো. এনামুল হক (২৬), মো. আব্দুল আহাদ আলীর মেয়ে মোছা. আয়শা আক্তার (৩) ও মো. আব্দুর রহিমের ছেলে মো. হাসান মিয়া (৭)। একই ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মো. জমশের আলীর স্ত্রী মোছা. নিলি বেগম (৪০), মো. সাদেক হোসেন (৭০), মো. আব্দুল হান্নান মিয়ার স্ত্রী মোছা. আফরুজা বেগম (৩৭) এবং মো. শফিউল ইসলামের ছেলে মো. শাওন মিয়া (৬)।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই এটি পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর হামলা শুরু করে। শিয়ালের কামড়ে একে একে শিশু, নারী ও পুরুষ আহত হলে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, আহতরা সবাই হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএএম