রাজধানীর মিরপুরের মনিপুর এলাকার গ্রাহকের গ্যাস ও বিদ্যুৎ বিল বাবদ ২ কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতার হওয়া প্রতারকের নাম মো. মাসুদ মিয়া।
পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) একটি দল মঙ্গলবার রাতে ভাটারা থানার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মাসুদ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মিরপুরে ২০১৮ সালে সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে আসামি ওমর ফারুক মনিপুর এলাকার ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স প্রতিষ্ঠান দিয়ে এলাকার আনুমানিক ৫০০ থেকে ৬০০ গ্রাহকের কাছ থেকে ২ কোটি ৩০ লাখ টাকার গ্যাস, বিদ্যুৎ, পানি ও টেলিফোন বিল গ্রহণ করে। ঐ টাকা সংশ্লিষ্ট ইউনিটে জমা না দিয়ে বিভিন্ন সময় সহযোগীদের নিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় মিরপুর মডেল থানায় গত বছরের ২ ফেব্রুয়ারি মামলা হয়। মামলাটি মিরপুর মডেল থানাপুলিশ প্রথমে তদন্ত করে। পরে গত ১৫ এপ্রিল পুলিশ সদর দপ্তরের মাধ্যমে পিবিআই ঢাকা মেট্রোতে (উত্তর) পাঠানো হয়।
পিবিআই পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতার মূলহোতা ওমর ফারুক ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত হিসেবে মাসুদ মিয়ার নাম উঠে আসে।
