ওটিটি রিভিউ

বেপরোয়া প্রেমিকের গল্প নিয়ে ‘টান’

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০০

সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তাদের সিনেমা ‘টান’। নতুন এই সিনেমাটি মুক্তির আগে এর টিজার দেখে দর্শক বিশেষভাবে কৌতূহলী হয়েছিলেন। শিল্পীদের সাজসজ্জা, অভিনয়, মিউজিক, সিনেমাটোগ্রাফি, লোকেশন ইত্যাদি সব মিলিয়ে টিজারটি সবাইকে দারুণভাবে আকৃষ্ট করেছিল। দর্শকদের মধ্যে এক ধরনের টান টান উত্তেজনা ছড়িয়ে দিতে পেরেছিল ‘টান’ ছবির টিজার। 

ছবিটি সবাইকে আকৃষ্ট করার একটি প্রধান কারণ সিয়াম ও বুবলী। ঢালিউডের নতুন প্রজন্মের দুই জনপ্রিয় তারকা অভিনেতা অভিনেত্রী প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন এই ওয়েব ফিল্মে। পরিচালক রায়হান রাফির ৬ নম্বর চলচ্চিত্র ‘টান’। এর আগে বড়পর্দায় তার ‘পোড়ামন টু’, ‘দহন’ ছবিগুলো বেশ সাড়া জাগিয়েছে। গত বছর করোনাকালে তার তিনটি ওয়েব ফিল্ম ‘জানোয়ার’, ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ মুক্তি পেয়েছে। যেগুলো ব্যতিক্রমধর্মী বিষয়বস্তুর চমৎকার সাহসী উপস্থাপনা হিসেবে দর্শক সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।

‘টান’ ছবির গল্প আবর্তিত হয়েছে সমকালীন বাস্তবতার পটভূমিতে। মাদকাসক্ত, বেহেমিয়ান এলোমেলো জীবনযাপনে অভ্যস্ত যুবক রাশেদ (সিয়াম) ভালোবাসে সাধারণ নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে অবনীকে (বুবলী)। রাশেদ অবনীর প্রতি হূদয়ের গভীরের টান কোনোভাবেই এড়াতে পারে না সে। একসময় এই প্রেমিক জুটি তাদের স্বপ্নের সংসার গোছায়। যখনই দুঃখ-কষ্ট হতাশা, বেদনার দিনগুলোকে পেছনে ঠেলে সুখের ঠিকানা খুঁজে পায় তারা তখনই অতীতের একটি ভয়ানক ভুল সামনে এসে দাঁড়ায়। সে ভুল একটানে তছনছ করে দেয় রাশেদ অবনীর সুখের সংসার। বলা যায়, আমাদের চারপাশে নিত্য ঘটে যাওয়া বেশকিছু ঘটনার প্রতিফলন ঘটেছে ‘টান’ ছবিতে। যা দেখতে বসে দর্শক সহজেই একান্ত হয়ে গেছেন গল্পের মধ্যে। 
চলচ্চিত্রে বুবলীর সাত বছর পার হতে চলেছে। অন্যদিকে সিয়ামের পাঁচ বছর। এবারই প্রথম ‘টান’ ছবিতে দু’জনকে একসঙ্গে প্রথম দেখা গেল। এটা বুবলীর প্রথম ওয়েব ফিল্ম। বুবলী খুব সহজেই ‘টান’ ছবির মূল আকর্ষণ হয়ে উঠতে পেরেছেন। সিয়াম আহমেদকে বিচিত্র ধরনের রোলে দর্শক দেখেছেন ইতিমধ্যে। তবে এবার ‘টান’-এ একজন মাদকাসক্ত, বেপরোয়া অথচ প্রেমিক যুবকের চরিত্রে অসাধারণ অভিনয় করে নিজের সক্ষমতা প্রমাণ করেছেন। 

এ ছবিতে আরও অভিনয় করেছেন সোহেল মন্ডল, নীলাঞ্জনা নীলা ও ফারজানা ছবি। তারা প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন। বিশেষ করে সোহেল তার অভিনীত চরিত্রটিতে চমক দেখিয়েছেন। ছবিটিতে গান রয়েছে বেশ কয়েকটি। যেগুলো নায়ক-নায়িকার লিপসিংয়ে নয়, বরং বিভিন্ন দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে এসেছে। যা দৃশ্যগুলো আরও আবেদনময় ও মনোগ্রাহী করে তুলেছে। ওয়েব ফিল্ম ‘টান’ দর্শকদের প্রত্যাশা অনেকটাই পূরণ করতে পেরেছে।

ইত্তেফাক/ আরাফাত