ভালোবাসা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারো বিশেষ আয়োজন নিয়ে আসছে নির্মাতা ও টিভি চ্যানেলগুলো। এরইমধ্যে তারকা-নির্মাতারা ভালোবাসা দিবসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সেই তালিকায় রয়েছে জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও কেয়া পায়েলের নাটক ‘উড়ছি তোমার প্রেমে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।
জাকারিয়া সৌখিন বলেন, ‘আমি খুবই টেনশনে আছি। কারণ নাটকটি নিয়ে দর্শকের যে পরিমাণ আগ্রহ তাতে ভয় হচ্ছে। যত বেশি আগ্রহ, ততো বেশি চাপ।’
অপূর্ব বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজটি করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত এবং দর্শকদের বলতে চাই, আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে এবং ফিলে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন।’
পায়েল বলেন, ‘আমি একেবারেই নবীন একজন অভিনেত্রী। আমার জায়গা থেকে এই নাটকটি অনেক বড় একটা সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার জন্য।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী সুজন, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ।
