খেলার মাঠ রক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ, ৫০ কিলোমিটার যানজট

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১০

কুমিল্লার লাকসাম উপজেলা সদরের ‘দোগাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নীয়া সিনিয়র মাদরাসা’ লাগোয়া শিক্ষার্থীদের খেলার মাঠ রক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ওই মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার জনতা। 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা শাখার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা। প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। 

এ সময় বিক্ষুব্ধদের অনেকে সাদা কাফনের কাপড় পরে চারলেন মহাসড়কের উভয় লেনে শুয়ে বিক্ষোভ প্রদর্শন করে। 

সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে অবরোধে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় লেনের দুইদিকে কমপক্ষে ৫০ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

কাপনের কাপড় পরে রাস্তা অবরোধ।ছবি: ইত্তেফাক

এছাড়া মহাসড়কের সংযোগ সড়কগুলোয় যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। এ সময় যানজটে আটকে পড়া শত শত যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এর আগে সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী মহাসড়কের উভয় লেনের পাশে হাজারো বিক্ষুব্ধ জনতা ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করে। 

এদিকে সকাল সোয়া ১১টায় ঘটনাস্থলে যান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ। এ সময় তিনি আন্দোলনকারী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে সমাধানের আশ্বাস দিলে সাড়ে ১১টায় অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। পরে একই দাবিতে সংগঠনটির নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দাখিল করেন।  

ইত্তেফাক/এএএম