কাঁদলেন মাসুম আজিজ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৬

২০২২ সালের একুশে পদক পাচ্ছেন ২৪ জন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালের একুশে পদক পাচ্ছেন গুণী অভিনেতা মাসুম আজিজ। খবরটি শুনেই আনন্দে কেঁদে ফেলেন এই অভিনেতা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাসুম আজিজ জানান, ‘আমার শুধু কান্না আসছে। আমার স্ট্রাগল তো কারো অজানা নয়। জীবনের সব সুখ আনন্দ বাদ দিয়ে থিয়েটার করেছি, নাটক করেছি। অভিনয়ে বিরতি দেইনি। এই প্রাপ্তি বোধহয় তারই ফল।’

এ বছর ভাষা আন্দোলনে ২ জন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ৪ জন, শিল্পকলায় ৭ জন, ভাষা ও সাহিত্যে ২ জন, সমাজসেবায় ২ জন, সাংবাদিকতায় ১ জন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ১ জন, শিক্ষায় ১ জন এবং গবেষণায় ৪ জন (দলগতভাবে তিনজন) একুশে পদক পাচ্ছেন।

মাসুম আজিজ। ছবি: সংগৃহীত

এক নজরে দেখে নিন যারা পাচ্ছেন ২০২২ সালের একুশে পদক-
‘ভাষা আন্দোলন’ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পদক পাচ্ছেন মোস্তফা এম এ মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেন মুকুল (মরণোত্তর)। ‘শিল্পকলা’য় পদক পাচ্ছেন জিনাত বরকতউল্লাহ (নৃত্য), নজরুল ইসলাম বাবু (মরণোত্তর) (সংগীত), ইকবাল আহমেদ (সংগীত), মাহমুদুর রহমান বেণু (সংগীত), খালেদ মাহমুদ খান (খালেদ খান) (মরণোত্তর) (অভিনয়), আফজাল হোসেন (অভিনয়), মাসুম আজিজ (অভিনয়)। ‘মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ এ বি এম রহমান, আমজাদ আলী খন্দকার পদক পাচ্ছেন। ‘সাংবাদিকতা’য় এম এ মালেক, ‘বিজ্ঞান ও প্রযুক্তি’তে মো. আনোয়ার হোসেন, শিক্ষায় অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ একুশে পদক পাচ্ছেন। ‘সমাজসেবা’য় একুশে পদক জিতে নিয়েছেন এস এম আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের। কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ ‘ভাষা ও সাহিত্য’ ক্ষেত্রে পদক পাচ্ছেন।

এ ছাড়া ‘গবেষণায়’ ড. মো. আবদুস সাত্তার মন্ডল এবং উচ্চফলনশীল জাতের ধান আবিষ্কারের জন্য দলগতভাবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ড. মো. এনামুল হক (দলনেতা), ড. সহানাজ সুলতানা ও ড. জান্নাতুল ফেরদৌস একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।

নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

ইত্তেফাক/বিএএফ