রাজধানীর শেরে বাংলানগরে সড়ক দুর্ঘটনায় ফাহমিদা হক লাবণ্য (২১) নামে ব্র্যাক ইউনিভার্সিটির এক ছাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে মিরপুর সড়কে এ ঘটনা ঘটে। লাবণ্য উবার রাইড শেয়ারিং অ্যাপস ব্যবহার করে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটিকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে গুরুতর আহত হন লাবণ্য। এতে মোটরসাইকেল চালক সুমনও সামান্য আহত হন। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে প্রাথমিক চিকিত্সা নিয়ে চলে গেছেন। সুমনকে পুলিশ খুঁজে পায়নি।
লাবণ্য কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তাদের বাড়ি ময়মনসিংহে। তিনি পরিবারের সঙ্গে শ্যামলীর ৩ নম্বর সড়কের ৩৩ নম্বর বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে থাকতেন। তার বাবার নাম এমদাদুল হক। তিনি ব্যবসায়ী। দুই ভাই বোনের মধ্যে লাবণ্য ছিলেন বড়। ছোট ভাই মৃদুল হক এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
এদিকে, লাবণ্যের নিহতের সংবাদ ছড়িয়ে পড়লে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে ভিড় জমাতে শুরু করেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা ঘাতক কাভার্ড ভ্যানচালক ও উবার রাইডারের বিচারের দাবিতে স্লোগান দেন। শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি বলেন, প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে লাবণ্যকে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ আসার আগেই বাইক চালক হাসপাতাল থেকে চলে যান। তাকে কল করা হলে মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে। এসআই নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে আশপাশের অনেকের সঙ্গে কথা বলি। দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাইনি। নিহত ছাত্রীর লাশ ময়নাতদন্ত শেষে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বুধবার রাতে মোহাম্মদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে পাঠাও রাইড শেয়ারিং অ্যাপস ব্যবহারী এক মোটরসাইকেল আরোহী আরমান (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নুর মোহাম্মদ সামান্য আহত হন।
রাঙ্গুনিয়া শ্রমিক ছাউনিতে চাঁদেরগাড়ি, নিহত ৪
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গতকাল ভোর রাতে জ্বালানি কাঠবোঝাই একটি চাঁদেরগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে একটি ইটভাটার শ্রমিক ছাউনিতে ঢুকে পড়লে চার শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত শ্রমিকেরা হচ্ছেন, নোয়াখালী জেলার হাতিয়া থানার মোহাম্মদ জাফর (৩৫), রিয়াদ (১৮), মোহাম্মদ নাজিম (২২) ও মোহাম্মদ মোনাফ (৫২)।
দাউদকান্দিতে যুবক নিহত
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা জানান, গতকাল কচুয়া উপজেলার উত্তর সীমান্তে দাউদকান্দি উপজেলাধীন পিপিয়া কান্দি গ্রামের নিকট সড়ক দুর্ঘটনায় সোহাগ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
