বগুড়ায় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক হতে ৫০ আবেদন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩০

বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার ১১ দিন পর নতুন করে জেলা কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে অন্তত ৫০ জন নেতা আবেদন করেছেন।

বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতা তাদের জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জমা দিয়েছেন। বুধবার বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে ‘জীবনবৃত্তান্ত সংগ্রহ ও মতবিনিময় সভা’ শেষে সেগুলো জমা নেওয়া হয়। 

বগুড়ায় পাঁচ বছর আগে মেয়াদোত্তীর্ণ জেলা ছাত্রলীগের কমিটি গত ২১ জানুয়ারি বিলুপ্ত করা হয়। ঐদিন সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের বগুড়া জেলার সম্ভাব্য নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে ইচ্ছুকদের কাছ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত চাওয়া হয়। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-সমাজসেবা সম্পাদক শেখ সাঈদ আনোয়ার সিজারের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক ও বগুড়ায় সংগঠনটি পুনর্গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত সৈয়দ ইমাম বাকের বলেন, আমরা জীবনবৃত্তান্তগুলো ঢাকায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেব। সেখানে যাচাই-বাছাইয়ের পর তারা সেগুলো নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত দেবেন। তিনি জানান, অন্তত ৫০ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। 

ইত্তেফাক/ ইআ