দুর্ভোগে বাসিন্দারা

আজিমপুর কলোনিতে ওয়াসার ময়লা পানি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৭

আজিমপুর কলোনিতে অবৈধভাবে পানির পাইপ বসানোর কাজ চলায় দুর্ভোগে পড়েছেন কলোনির বাসিন্দারা। গত দুদিন ধরে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আসছে লাইনে। এতে দৈনন্দিন কাজ ও খাবার পানি নিয়ে সমস্যায় পড়েছেন তারা। বিষয়টি ওয়াসাকে জানালে তারা জানায়, অবৈধভাবে পানির লাইন বসানোর কাজ চলায় এ সমস্যা হচ্ছে।

কারা এটি করছে জানতে চাইলে ওয়াসার মডস জোন- ২ এর নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম জানান, আমরা জানতে পেরেছি গণপূর্তের কিছু ঠিকাদার এ কাজ করেছেন। তারা ওয়াসার লাইন টানতে পারেন কি না এ বিষয়ে তিনি বলেন, এটি তারা কোনোভাবেই পারেন না। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেবো। 

অন্যদিকে গণপূর্ত বলছে, তারা এ ধরনের কোনো কাজ করছে না। এ বিষয়ে গণপূর্তের উপ বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, গণপূর্ত শুধু উন্নয়নমূলক কাজ করছে। পানির লাইনের বিষয়ে তারা জানে না। 

এদিকে দুই সংস্থার এমন সমন্বয়হীনতায় চরম দুভো‌র্গে পড়েছেন কলোনিতে বসবাসরত সরকারি কর্মকর্তারা। তারা অচিরেই এ সমস্যার সমাধানে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। 

ইত্তেফাক/ আরাফাত