রাজধানী ঢাকাসহ দেশজুড়েই চলছে ভাদ্র মাসের তাপপ্রবাহ। তবে ক্ষণিক সময়ের জন্য স্বস্তির বৃষ্টির দেখা দিলেও আবারও তা সূর্যের কড়া রোদে রূপ নেয় বিষাদে। এমন পরিস্থিতির মাঝেই রাজধানীর পুরান ঢাকায় দেখা দিয়েছে পানির সংকট। তবে কিছু জায়গায় এই সমস্যার সমাধান হলেও এখনও অনেক জায়গায় পানির সংকটে ভুগছেন নগরীর এই এলাকার বাসিন্দারা। সেখানে ওয়াসার লাইনে মধ্য রাতে কিছুক্ষণের জন্য পানি পেলেও দিনে তা পাচ্ছেন না এমন অভিযোগ এলাকাবাসীর।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা ওয়াসার আওতায় থাকা কয়েকটি এলাকাতে কমবেশি পানির সমস্যা রয়েছে। এর মধ্যে অঞ্চল-২-এর হাজারীবাগ, এনায়েতগঞ্জ লেন, বাড্ডানগর, জিগাতলা, টালি অফিসের কয়েকটি এলাকায় পানি সংকট একটু বেশি।
এদিকে ঢাকা ওয়াসার দাবি, সার্বিকভাবে পানি সরবরাহে ঘাটতি নেই। তবে এলাকাভিত্তিক কিছু জায়গায় সাময়িক সমস্যা রয়েছে। মূলত ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া, ভূগর্ভস্থ পানি উত্তোলনে গতি কম, অতিরিক্ত গরমে চাহিদা বেড়ে যাওয়া এবং প্রয়োজনের তুলনায় গভীর নলকূপ কম থাকায় সমস্যা হচ্ছে।
পানির সংকটের বিষয়ে হাজারীবাগ এলাকার এনায়েতগঞ্জের বাসিন্দা হাসান মিয়া বলেন, এই এলাকায় প্রায় ১০- ১৫ দিন ধরে পানির সংকট চলছে। শুনেছি প্রায় সময়ই নাকি হাজারীবাগ পানির পাম্প নষ্ট থাকে, প্রেশার কম থাকে তাই বলে পানি সমস্যা দেখা দেয়। এমন সংকট আর ভালো লাগে না। এই এলাকায় প্রায় সময়ই পানির সমস্যা দেখা দিয়ে থাকে। এমন অবস্থায় এই এলাকায় একটি পানির পাম্প বসানো জরুরি।
হাজারীবাগ পার্ক এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, সারাদিন টানামোটর দিয়ে পানি উঠানো চেষ্টা করেও কাঙ্ক্ষিত পানি পাচ্ছি না। মধ্য রাতে ২টার পর আসলেও ফজরের আগেই আবার পানির গতি কমে যায়। পানির এমন সমস্যার জন্য ২ দিন পরপর পানির গাড়ি ডিমান্ড দিয়ে পানির সমস্যা কিছুক্ষণের জন্য সমাধানের চেষ্টা করি।
জিগাতলার মুবাসশির রহমান প্রিয় বলেন, এলাকায় প্রায় সময়ই পানির সমস্যা হয়। এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষের সুদৃষ্টি দেয়া উচিৎ।
এমন সমস্যার বিষয়ে ঢাকা ওয়াসার অঞ্চল- ২ এর সহকারী প্রকৌশলী ওমর ফারুক বলেন, এ সমস্যার বিষয়ে আমরা অবগত আছি। গতকালও নির্বাহী প্রকৌশলীসহ সাইটে গিয়ে আমরা ভিসিট করেছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এই সমস্যার সমাধান কবে হবে, আমরা সঠিক বলতে পারছি না তবে বিষয়টি নিয়ে কাজ চলমান।

