রাজধানীর বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে তেলবাহী লরির ধাক্কায় আবু নাসের (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। লরি চালক ও তার সহকারীকে আটক করেছে রামপুরা থানা পুলিশ।
আজ (শুক্রবার) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আবু নাসেরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৯টায় জানান তিনি আগেই মারা গেছেন।
আবু নাসেরকে ঢামেকে নিয়ে যান রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) শাহরিয়ার। তিনি সাংবাদিকদের বলেন, আমরা খবরে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি জানিয়েছেন, আবু নাসের চিটাগাং বুল হোটেলে ম্যানেজার পদে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে তিনি মোটরসাইকেলে চেপে ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মাথা ফেটে মগজ বের হয়ে যায়। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা এই ঘটনায় লরিচালক নুরুল ইসলাম (৪০) ও তার সহকারী ইমরান হোসেনকে (২২) আটক করেছি। লরিটিও জব্দ করা হয়েছে।
