সিলেটে করোনায় একদিনে ৩ জনের মৃত্যু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৯

সিলেটে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত সকলেই সিলেট জেলার বাসিন্দা। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয় গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৩৪ জন। ওই সময় সিলেট বিভাগে ১ হাজার ৭২২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এতে বিভাগে শনাক্তের হার হচ্ছে ১৯ দশমিক ৪০ শতাংশ,যা আগেরদিন ছিল ২১ দশমিক ৬৮ শতাংশ।

এ দিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এ নিয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ১৭৩ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১৪ জন। যা আগেরদিন ছিল ১৭ জন। একই সময়ে আইসোলেশনে আছেন ১১৯ জন। আগেরদিন এ সংখ্যা ছিল ১৬০ জন।

গত একদিনে সিলেট বিভাগে র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ৯৭ জন। আগের দিন ছিল ১৭৪ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ হাজার ৩৪৭ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮০২ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করছেন ১ হাজার ২০৬ জন।

ইত্তেফাক/এমআর