‘দর্শকদের নিরাশ করবো না’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪২

বেশ কিছুদিন ধরেই একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন দিশা পাটানি। বলা চলে, একটি সিনেমার শুটিং শেষ হতে না হতেই আরেকটি সিনেমার সেটে যেতে হচ্ছে তাকে। চলতি বছর ‘যোদ্ধা’, ‘এক ভিলেন রিটার্নস’সহ হাফ ডজন সিনেমা মুক্তি কথা রয়েছে তার। এরইমধ্যে শুটিং শেষ করেছেন ‘যোদ্ধা’ ও ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমা দুটির। পাশাপাশি আরো বেশ কয়েকটি সিনেমার ঘোষণা শিগগিরই দেবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

২০২২ তার জন্য সবচেয়ে ব্যস্ত বছর হওয়ার বিষয়ে মতামত শেয়ার করে দিশা বলেন, ‘আমি ২০২২ সালের ব্যস্ত সূচি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। এ বছর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে আমার। যা আমার ক্যারিয়ারে সর্বোচ্চ। তাছাড়া আরো কিছু বিশেষ চমক শিগগিরই ভক্তদের দিতে যাচ্ছি। এরইমধ্যে বেশ কয়েকটি স্ক্রিপ্ট হাতে পেয়েছি। স্ক্রিপ্টগুলো পড়ার পর মনে হয়েছে এমন চরিত্রের জন্যই এতদিন অপেক্ষা করছি। সব কিছু মিলে গেলে কাজগুলোতে চুক্তিবদ্ধ হবো।’

দিশা পাটানি। ছবি: সংগৃহীত

এদিকে ভিন্ন ভিন্ন গল্পে একাধিক নির্মাতার সঙ্গে কাজ নিয়ে তিনি আরো বলেন, ‘এক ভিলেন টু, ‘যোধা’সহ অন্যান্য সিনেমাগুলোর গল্প একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। তাছাড়া প্রতিটি সিনেমায় ভিন্নভাবে নিজেকে উপস্হাপন করছি। এমন সুযোগ প্রদানের জন্য প্রতিভাবান নির্মাতাদের কাছে কৃতজ্ঞ। কারণ তারা আমার ওপর ভরসা রাখতে পেরেছেন। চেষ্টা করছি তাদের প্রত্যাশা পূরণ করার। প্রতিটি চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করছি। আমার বিশ্বাস শুধু নির্মাতাদের নয়, দর্শকদেরও নিরাশ করবো না।’