নবাবগঞ্জে ব্যবসায়ীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয় বাঁশের মাচায়

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২২:২২

ঢাকার নবাবগঞ্জের কোঠাবাড়ি চক থেকে গোবিন্দ রাজবংশী (৫০) নামে এক ব্যবসায়ীর লাশ বাঁশের মাচায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নতুন বান্দুরা ইউনিয়নের বারুদুয়ারীর কোঠাবাড়ির চক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গোবিন্দ রাজবংশী বারুদুয়ারী গ্রামের মৃত হরমোহন রাজবংশীর ছেলে। পুরাতন বান্দুরা বাজারে কাপড়ের ব্যবসার পাশাপাশি তিনি মাছের ব্যবসা করতেন।

নিহতের স্ত্রী সাগরিকা রাজবংশী ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩/৪ মাস আগে গোবিন্দ কোঠাবাড়ির চকে দুইটি ডাঙ্গা মাছ চাষের জন্য ইজারা নিয়েছিলেন। কাজের লোক ছুটিতে থাকায় বুধবার রাত ৯টার দিকে গোবিন্দ ডাঙ্গা দেখাশুনার জন্য চকে যান। রাত সোয়া ৯টার দিকে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে তার একবার কথা হয়েছিল। এরপর আর কথা হয়নি। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্ত্রী সাগরিকা খাবার নিয়ে ডাঙ্গায় গেলে দেখতে পান মুখ ও পা বাঁধা অবস্থায় গোবিন্দের লাশ একটি বাঁশের মাচার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ সময় তার দেহের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন ও মুখের ভিতর টিস্যু পেপার  গোঁজা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের ছেলে সঞ্জিত রাজবংশী বলেন, আমার বাবার সঙ্গে কারো ঝগড়া ছিল না। বাবা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন। যারাই আমার বাবাকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। লাশের বুকে, হাতে, পায়ে ক্ষতচিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।