রান্নাঘরের মেঝে খুঁড়ে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৮

বরগুনার বামনা থেকে ৪৮ হাজার পিস ইয়াবাসহ মো. নজরুল ইসলাম(৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নজরুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা বলে জানিয়েছেন র‍্যাব।

গ্রেফতার মাদক কারবারির নাম মো. নজরুল ইসলাম বামনা উপজেলার পূর্ব শফিপুর এলাকার মরহুম হাশেম সিকদারের ছেলে। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। কিন্তু গোয়েন্দা তথ্য অনুযায়ী নজরুল ইসলামের কাছে আরও বেশি ইয়াবা থাকার তথ্য পায় র‍্যাব। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে রান্নাঘরের চুলার পাশের মেঝের মধ্যে মাটি খুঁড়ে ইয়াবা লুকিয়ে রাখার তথ্য দেয় নজরুল। পরে নজরুলের তথ্য অনুযায়ী মেঝে খুঁড়ে আরও ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারি মো. নজরুল ইসলাম।

ইত্তেফাক/ আরাফাত