বরিশালে ইয়াসিন নামে ৯ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর রেডিও সেন্টারের পেছনের একটি পরিত্যক্ত টয়লেট থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইয়াসিন রূপাতলী রেডিও সেন্টার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
বরিশাল কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, শনিবার সকাল ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পাই একটি শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে। শিশুটিকে রাতের আধারে কেউ তাকে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তিনি আরও বলেন, এটি একটি হত্যাকাণ্ড এটা নিশ্চিত। তবে বিস্তারিত তদন্তের পরেই বলা যাবে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিমসহ পুলিশের একটি টিম অবস্থান করছেন।
