চীনের গ্রেট ওয়ালের নিচে ‘সবচেয়ে গভীর ও বড়’ পাতাল রেলস্টেশন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৭

দ্রুতগতির স্বয়ংক্রিয় পাতাল ট্রেন চালু করেছে চীন। যা বিশ্বের প্রথম উচ্চগতির স্বচালিত ট্রেন। তার চেয়েও বড় বিস্ময় হলো, ট্রেনটির এক পাতাল রেলস্টেশন। যা বিশ্বের সবচেয়ে গভীর ও বড়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, শীতকালীন অলিম্পিককে সামনে রেখে দ্রুতগতির এই স্বয়ংক্রিয় পাতাল ট্রেন চালু করেছে চীন। এই ইভেন্টে অংশ নেওয়া ক্রীড়াবিদ ও সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনা-নেওয়া করতে বেইজিং ও ঝাংজিয়াকউ শহরে যাতায়াত করবে এই ট্রেন।

জানা যায়, যাত্রাপথে বাদালিং গ্রেট ওয়াল স্টেশন নামে ভূগর্ভস্ত রেলস্টেশনটি ব্যবহার করবেন যাত্রীরা। যার নির্মাণ শুরু হয় ২০১৬ সালে। ৩৩৫ ফুট মাটির নিচে ৩৬ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই রেলস্টেশন। এটি তিনতলা কাঠামো নিয়ে গঠিত।

৩৩৫ ফুট মাটির নিচে ৩৬ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই রেলস্টেশন

এই রেলস্টেশনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে চীনের অন্যতম দর্শনীয় স্থান গ্রেট ওয়ালের নিচে এর নির্মাণ হয়েছে। সুপ্রাচীন ঐতিহাসিক স্থাপনার কোনো ক্ষতি না করেই কীভাবে এত জটিল নির্মাণকাজ কিভাবে সম্ভব হলো তা নিয়ে সবার প্রশ্ন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, প্রকৌশলীরা দক্ষতা ও বিশেষ যত্নের সঙ্গে মহাপ্রাচীরের নিচে ১২ কিলোমিটার দীর্ঘ টানেল খনন করেছেন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইউনেসকো ঘোষিত ওই বিশ্বঐতিহ্যকে ক্ষতি থেকে রক্ষা করা হয়েছে। চীনে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে এই প্রযুক্তি।

ইত্তেফাক/টিআর