শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেছেন, বরখাস্তকৃত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে তিনি কখনোই পুনর্বহাল করবেন না। সিরিসেনা গতকাল রবিবার বলেছেন, তার দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলেও তাকে নিয়োগ দেব না। গতকাল বিদেশি সাংবাদিকদের সঙ্গে বৈঠকে সিরিসেনা বলেন, আমি ইউএনপিকে অন্য কাউকে এই পদে আনতে বলেছি। তারা যেন বিক্রমসিংহকে প্রধানমন্ত্রী পদে আমার সামনে না আনেন। তিনি বলেন, বিক্রমসিংহ দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। বিক্রমসিংহের আমলে হওয়া দুর্নীতির বিষয়ে তদন্ত করতে প্রেসিডেন্ট সিরিসেনা একটি কমিশন গঠন করবেন বলেও জানিয়েছেন। গত ২৬ অক্টোবর রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করেন এবং রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট সিরিসেনা। -টাইমস নাউ
