চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চিরকুট লিখে আত্মহত্যার চেষ্টা করেছেন এক শিক্ষার্থী। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে জননেত্রী শেখ হাসিনা হলে এ ঘটনা ঘটে।
চবি মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. আইরিন পারভীন জানান, সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় মেডিকেল সেন্টারে আনা হয়। বর্তমানে তার জ্ঞান ফিরেছে। একটু কথাবার্তাও বলছে। সে পাঁচটি সেডিল খেয়েছিল। তার বালিশের পাশে একটি চিরকুট ছিল বলে তার সহপাঠীরা জানিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, একজন ছাত্রী ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এখন সে ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছে। আমরা পরবর্তীতে তার আত্মহত্যা চেষ্টার কারণ খুঁজে বের করার চেষ্টা করবো।
