রংপুরে সাবেক সেনা সদস্যসহ ৬০ জনের জামিন না-মঞ্জুর

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২২:২৩

রংপুর ডিসি অফিসের অফিস সহকারী সামসুলের মাধ্যমে অস্ত্রের ভুয়া লাইসেন্স নিয়ে অস্ত্র ক্রয় করার ঘটনায় দায়ের করা অস্ত্র আইনের মামলার আসামি সেনা সদস্যসহ ৬০ জনের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এ আদেশ দেন। রংপুরের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহ মো. নয়ন নুর রহমান টফি জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে রংপুরের ডিসি অফিসের অফিস সহকারী সামসুল আলম জালিয়াতির মাধ্যমে অস্ত্রের ভুয়া লাইসেন্স তৈরি করে শত কোটি টাকা হাতিয়ে নেয়। লাইসেন্স গ্রহণকারীরা জনপ্রতি ৫ থেকে ৬ লাখ টাকা দিয়ে এসব অস্ত্রের ভুয়া লাইসেন্স গ্রহণ করে অস্ত্র ক্রয় করেন। বিষয়টি জানাজানি হওয়ায় অফিস সহকারী সামসুল আলমকে পুলিশ গ্রেফতার করলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। এ ঘটনায় কোতোয়ালি থানার তত্কালকীন এস আই মামুনুর রশীদ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। মামলায় আড়াইশ ব্যক্তিকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোখতারুল আলম। আসামিদের বেশির ভাগই সাবেক সেনা সদস্য। এদের মধ্যে ৬০ সাবেক সেনা সদস্য বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে সকল আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত থেকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক ৬০ সেনা সদস্যকে রংপুর কেন্দ্র্র্র্র্র্রীয় কারাগারে পাঠানো হয়।