পাহাড়ে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে: স্বরাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাহাড়ে কিছু সমস্যা আছে। সেখানে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মানিকমিয়া এভিনিউতে রাজধানী উচ্চবিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়টি কিছু ভুল তথ্যের জন্য হয়েছে। লবিস্ট নিয়োগের নামে কারা বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই তাদের সামনে আনা হবে।

বান্দরবানের রুমায় সন্ত্রাসীর গুলিতে এক সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, শান্তিচুক্তি অনুযায়ী সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

এ অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

ইত্তেফাক/ইউবি