নরসিংদী প্রতিনিধি
বৃহস্পতিবার ভোরে র্যাব-১১ এর একটি দল নরসিংদী শহরের সাটিরপাড়া শিববাগ মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিক বাহিনীর ৬ সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং তাদের নিকট থেকে দুটি বিদেশি রিভলবার, ৭৮ রাউন্ড রিভলবারের গুলি, ৪২ রাউন্ড শটগানের গুলি, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল এবং একটি চাকু উদ্ধার করে। বৃহস্পতিবার বিকালে নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল কাজী শমসেরউদ্দিন এসব তথ্য জানান। তিনি বলেন, অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আলেফউদ্দিন, এ এস পি মো. মশিউর রহমান এবং ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম।
