পীরগাছা থানার ওসির ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২২:২৬

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

রংপুরের পীরগাছা থানার ওসির ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। হ্যাকাররা ফেসবুক আইডিটি দখলে নিয়ে বন্ধু তালিকায় থাকা বিভিন্ন জনের নিকট থেকে টাকা চেয়ে মেসেজ পাঠাচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১১টা ৩৭ মিনিটে ওসি রেজাউল করিমের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পীরগঞ্জ থানায় কর্মরত এক উপ-পরিদর্শকের ফেসবুক আইডিতে জরুরি দুুই হাজার টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়।

মেসেজে বলা হয়, ‘ইমার্জেন্সি ২০০০ টাকা রকেট করার কোনো ব্যবস্থা আছে? টাকা রাত ৮টায় পাঠিয়ে দিব।’ টাকা দিতে রাজি হলে হ্যাকাররা একটি রকেট নম্বর (০১৪০০২৬৪২৩৪) দেন। নম্বরের শেষে ২ যোগ করতে হবে বলে জানান। এ ঘটনাটি ওই উপ-পরিদর্শক পীরগাছা থানার উপ-পরিদর্শক প্রলয় বর্মাকে জানান। তিনি ওসি রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করেন। এসময় তিনি রংপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ছিলেন। তত্ক্ষণাত্ সত্যতা যাচাইয়ের জন্য ওসি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করে ব্যর্থ হন। তখনই নিশ্চিত হন তার আইডিটি হ্যাক করা হয়েছে।

এ বিষয়ে পীরগাছা থানার উপ-পরিদর্শক প্রলয় বর্মা তার ফেসবুক আইডিতে সকলকে সতর্ক করে পোস্ট দেন, ‘ওসি পীরগাছা স্যারের আইডি হ্যাক হয়েছে। কেউ কোনোরূপ লেনদেন করে প্রতারিত হবেন না।’ ওই পোস্টে অনেকে তাদের নিকট থেকে এমন মেসেজ দিয়ে টাকা চাওয়া হয়েছে দাবি করে কমেন্ট করেন।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক এর বিষয়টি নিশ্চিত করেছেন।