সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা অভিযোগে করা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ৭ মার্চ ধার্য করেছেন আদালত।
আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু নাজমুল হুদা অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে অ্যাডভোকেট আশহানুর রহমান চার্জশুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ৭ মার্চ চার্জ শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
গত বছর ২৪ নভেম্বর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ মামলার চার্জশিট গ্রহণ করেন। চার্জ শুনানির তারিখ ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালত-৯ এ বদলির আদেশ দেন। এর আগে, গত অক্টোবরে মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক বেনজীর আহম্মেদ নাজমুল হুদাকে অভিযুক্ত করে এ মামলায় চার্জশিট দাখিল করেন।
২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয়-১-এ নাজমুল হুদার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
