সকালে গ্রিন টি পানে শরীরের ক্ষতি ডেকে আনছেন না তো 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০১

'চা' শব্দটির সাথে যেন জড়িয়ে আছে বাঙ্গালির আবেগ। সকালে নাস্তায় হোক বা বিকেলের আড্ডায় চা চাই-ই চাই। তবে অনেকেই সুস্বাস্থ্যের কথা চিন্তা করে দুধ চা বা চিনি দিয়ে চা এড়িয়ে পান করেন গ্রিন টি। ওজন কমানো হোক বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, হজমে সাহায্য এবং কোলেস্টেরল কমাতে জুড়ি নেই গ্রিন টির।

সকালে খালি পেটে এই পানীয় খাওয়া মোটেও উচিত নয়
গ্রিন টিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি। এটি ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। তাই অনেকেই নিশ্চিন্তে সকাল শুরু করে এক মগ গ্রিন টিতে চুমুক দিয়ে। কিন্তু সকালে খালি পেটে এই পানীয় খাওয়া মোটেও উচিত নয়। চলুন জেনে আসি কেন:

বিশেষজ্ঞরা বলছেন, গ্রিন টিতে রয়েছে ট্যানিন যেটি পেটে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। তাই খালি পেটে পান করলে পেটে ব্যথাসহ অ্যাসিডিটি, বমি বমি ভাবও হতে পারে। শুধু তাই নয় খালি পেটে এই পানীয় পানে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। 

দিনে তিন কাপের বেশি গ্রিন টি না পান করাই ভালো
এছাড়াও পেপটিক আলসারের রোগীদের গ্রিন টি পান না করাই ভালো। এতে রয়েছে ক্যাফেইন থাকে, যা কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন উৎপাদন বাড়িয়ে রক্তচাপ এবং হার্টের সমস্যার ঝুঁকি বাড়ায়। তাই হার্টের রোগীদের জন্যেও ক্ষতিকর গ্রিন টি।

বিশেষজ্ঞদের মতে, দিনে তিন কাপের বেশি গ্রিন টি না পান করাই ভালো। যেহেতু সকালে বিপাকক্রিয়ার হার সবচেয়ে বেশি থাকে এসময় অতিরিক্ত গ্রিন টি পান শরীর থেকে প্রয়োজনীয় উপাদান বের করে দিতে পারে। তাই খুব সকালে গ্রিন টি পান পরিহার করে সকাল দশটা থেকে ১২ টার মধ্যে কিংবা সন্ধ্যাবেলা পান করুন এই পানীয়।   

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন