জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২২:২৬

গাজীপুর প্রতিনিধি

আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার গাজীপুরের বোর্ডবাজারস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নববর্ষের এই অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিল্পীরাসহ ঢাকার সঙ্গীত কলেজের শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।  প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘বাঙালির সার্বজনীন উত্সব পহেলা বৈশাখ। আমাদের বাংলা ভাষা-ভাষী জনগোষ্ঠীর জন্য নতুন বছর এটি। নতুন বছরে আমরা সুন্দরকে লালন করবো। আর অশুভকে তাড়িয়ে দেবো। বিদায়ী বছরের সালতামামি করবো। কি করেছি আর কি করিনি। আর নতুন বছরে পরিকল্পনা করে আমাদের সামনে এগুতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক নিজামউদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোল্লা মাহফুজ আল-হোসেন।