কে পাচ্ছেন লতার অর্থ সম্পদ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৬

৯২ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। ৫০ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রিতে ছিলেন প্রতিদ্বন্দ্বীহীন এক সঙ্গীতসম্রাজ্ঞী হয়ে! তবে প্রেমকে নিজের জীবন থেকে দূরেই রেখেছিলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। বিয়ে করেননি, হয়নি সেই অর্থে ঘরসংসার। আর সেই কারণেই নেই লতার উত্তরসূরি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী লতার সম্পদের পরিমাণ ১৫ মিলিয়ন ডলার। যা ১১১ কোটি রুপির সমতুল্য। আর মাসে আয় করতেন প্রায় ৪০ লাখ টাকা। ছিলো হোটেলসহ নানা ধরনের ব্যবসা।

অন্য একটি সংবাদমাধ্যমের তথ্য মতে, সব মিলিয়ে লতার সম্পদ ৫০ মিলিয়ন ডলার ছাড়াতে পারে। 

লতা মঙ্গেশকর। ছবি: সংগৃহীত

এখন প্রশ্ন হলো সন্তানহীন এই তারকার সম্পদগুলো কে পাচ্ছেন? তবে আপাতত তার উত্তর এখনও মেলেনি। দ্রুতই হয়তো জানা যাবে, তার উইলগুলো। বিষয়টি নিয়ে শিগগিরই মুখ খুলবেন তার আইনজীবী।

উল্লেখ্য, ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে। বাবার হাত ধরেই গান ও অভিনয়ের জগতে প্রবেশ করেন তিনি। ১৩-১৪ বছরে প্রথম গান গেয়েছিলেন মারাঠি ছবিতে। হিন্দিতে প্রথম প্লেব্যাক করেন ‘মজবুর’ সিনেমা দিয়ে। লতার সুরেলা কণ্ঠ সিনেমা ও গানে প্রাণ ঢেলে দিত। নক্ষত্রপতনে তাই শোকস্তব্ধ দুনিয়া।

লতা মঙ্গেশকর। ছবি: সংগৃহীত

বিগত ২৭ দিন ধরে করোনা, চলেছে নিউমোনিয়ার সাথে লড়াই। ৯ জানুয়ারি লতার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছিল লতার। ৩০ জানুয়ারি তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ভেন্টিলেশন থেকে বের করেও নিয়ে আসা হয় সুরসম্রাজ্ঞীকে। এরপর আজ (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১২ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন লতা মঙ্গেশকর।

ইত্তেফাক/বিএএফ