ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। দেশটিতে ইউক্রেনে যেকোনো মুহুর্তে হামলা চালাতে পারে বলে পশ্চিমা বিশ্বের শঙ্কা। এর মধ্যে নতুন তথ্য দিলো যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে পুরোমাত্রায় আগ্রাসনের জন্য সামরিক সক্ষমতার প্রায় ৭০ শতাংশই প্রস্তুত রেখেছে রাশিয়া। রবিবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে ৫০ হাজারের বেশি বেসামরিক লোকের মৃত্যু হতে পারে। হামলার ৭২ ঘণ্টার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন ঘটবে। এতে দেশ ছেড়ে পালাবে লাখো মানুষ। শরণার্থী সংকট হবে ইউরোপে।
কর্মকর্তারা আরও বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে স্থলভাগ শক্ত হবে এতে রাশিয়া আরও ভারী সরঞ্জাম মোতায়েন করবে। তবে এসব কথার প্রেক্ষিতে মার্কিন কর্মকর্তারা কোনো প্রমাণ দেখাতে পারেননি।
তারা বলেছেন, এসব তথ্য গোয়েন্দা পর্যালোচনার ভিত্তিতে তারা পেয়েছেন, তবে স্পর্শকাতর হওয়ায় এর বিস্তারিত তারা বলতে পারছেন না।
মার্কিন এই কর্মকর্তারা বলেন, ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার পরিকল্পনা করছেন কি না, সে ব্যাপারে তারা অবগত নন। তবে তারা মনে করেন, এখনো কূটনৈতিক সমাধান সম্ভব।
নাম প্রকাশে অনিচ্ছুক এই দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আবহাওয়া পরিস্থিতির কারণে ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত খুব সহজে রাশিয়া সামরিক সরঞ্জাম বিভিন্ন জায়গায় নেওয়ার সুযোগ পাবে।
তবে ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বারবার দাবি করছে রাশিয়া। তথ্যসূত্র: বিবিসি।
