সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গৃহহীন রুহুল আমিন ও রেহেনা দম্পতিকে মানবিক সহায়তা দিয়েছে তাড়াশ উপজেলা প্রসাশন। সরকারিভাবে তাদেরকে ২০ হাজার টাকা ও শীত নিবারণের জন্য ৫টি কম্বল দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি) দৈনিক ইত্তেফাকের অনলাইন ভার্সনে ‘১৭ বছর মাটির গর্তে গৃহহীন দম্পতি’ শিরনামে এই দম্পতির মানবেতর জীবনযাপনের একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম দৈনিক ইত্তেফাককে বলেন, ১৭ বছর মাটির গর্তে বসবাসকারী সেই দম্পতির সরজমিনে খোঁজ খবর নেওয়া হয়। এরপর রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন ও সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান সরকারিভাবে তাদেরকে ২০ হাজার টাকা ও শীত নিবারণের জন্য ৫টি কম্বল দিয়ে এসেছেন।
তিনি আরও বলেন, তারা গর্ত করে রয়েছেন নিজের জায়গাতে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়মানুযায়ী ঐ জায়গাতে দেওয়া সম্ভব না। আপাতত তাকে একটি টিনের ঘর করে দেওয়া হবে। এরপর অন্য কোন জায়গাতে তাকে সরকারি ঘর দেওয়া হবে। এছাড়া ঐ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তাদের ছোট মেয়ে মিতু অষ্টম শ্রেণিতে পড়ছে। তার পড়ালেখার বিষয়টাও ভাবা হচ্ছে।
মুঠোফোনে রুহুল আমিন ও রেহেনা খাতুন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, অনেক রকমের সমস্যা নিয়ে মাটির গর্তের ঘরে বসবাস করছি। মহান আল্লাহর অশেষ রহমতে এত দিনে আমাদের মনের আশা পূরণ হতে চলেছে।

১৭ বছর মাটির গর্তে গৃহহীন দম্পতি