রংপুরে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব -১৩। সোমবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লাইট লেফটেন্যান্ট সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।
তিনি জানান, রবিবার রাতে র্যাব-১৩ ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার রংপুর মহানগরীর তাজহাট থানাধীন মডার্ন মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারী মো. নওশাদ আলীকে গ্রেফতার করা হয়। তিনি বেশ কিছুদিন ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেক আইডি খুলে তার ও কর্মসূচির বিভিন্ন ছবি ওই অ্যাকাউন্টে পোষ্ট করে প্রচারণা চালাচ্ছিলেন। এছাড়াও মো. নওশাদ আলী অসহায় বেকারদেরকে বাণিজ্যমন্ত্রীর পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন, যা তিনি ইতোমধ্যে স্বীকার করেছেন।
তিনি আরও জানান, গ্রেফতার মো. নওশাদ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
