আনিস খাদেম হত্যায় ছয়জনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০০:৩৫

ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল হক খাদেম ওরফে আনিস খাদেম হত্যা মামলায় ছয়জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এছাড়া একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অপরাধ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন আজগর হোসেন রানা নামে একজন। গতকাল বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন- নিহত আনিস খাদেমের বংশীয় বড় ভাই শহিদুর রহমান খাদেম ওরফে মিনু খাদেম ওরফে মামা খাদেম, তার ভাড়া করা সন্ত্রাসী মাহবুব আলম লিটন ওরফে দাঁতভাঙা লিটন (পলাতক), শেখ শামীম আহম্মেদ, মো. জুয়েল, কামাল হোসেন (পলাতক) ও সোহেল ওরফে ক্যাটস আই সোহেল। যাবজ্জীবনপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল্লাহ মোহাম্মদ নাজিম উদ্দিন বাবু ওরফে হোন্ডা বাবু ওরফে টিএন্ডটি বাবু ওরফে চুলা বাবু ওরফে টুইন্যা বাবু (পলাতক)। রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্তসহ পাঁচজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৩ মে রাজধানীর মালিবাগের শাহী মসজিদের গলিতে মাজারে অনুদান দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আনিস খাদেমকে গুলি করে হত্যা করা হয়। আহম্মেদ উল্ল­াহ স্টেটের সম্পত্তি, মাজার দখল ও মাজারের ক্ষমতা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।