সংসদের চলতি অধিবেশন চলবে মঙ্গলবার পর্যন্ত

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০০:৩৫

একাদশ জাতীয় সংসদের চলতি দ্বিতীয় অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে চলতি অধিবেশনের এই মেয়াদ ঠিক করা হয়। ফলে বুধবার শুরু হওয়া এই দ্বিতীয অধিবেশনটি মাত্র পাঁচ কার্যদিবসের মধ্য দিয়ে শেষ হবে। তবে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্পিকার প্রয়োজনে এসময় পরিবর্তন করতে পারবেন।

কার্যউপদেষ্টা কমিটির সভাপতি ও সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। কমিটির সদস্য রওশন এরশাদ, আমির  হোসেন আমু, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ ও নূর-ই-আলম চৌধুরীও বৈঠকে অংশ নেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতিদিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। বৈঠকের শুরুতে শ্রীলঙ্কায় সংঘটিত গীর্জা ও  হোটেলে সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি শিশু জায়ান চৌধুরীর নির্মম মৃত্যুতেও শোক ও দুঃখ প্রকাশ করে কমিটি। এ অধিবেশনে ১৪৭ বিধিতে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাধারণ আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।