আমিরাতে মুম্বাই বিস্ফোরণের অভিযুক্ত আবু বকর গ্রেফতার 

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১২

১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আবু বকরকে সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সংযুক্ত আরব আমিরাতের সংস্থাগুলোর সহযোগিতায় এক অভিযানে আবু বকরকে গ্রেফতার করা হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই আবু বকরকে ভারতে আনা হবে। আবু বকরকে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ মনে করা হয়। তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছিল ভারতীয় বাহিনী। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই আবু বকর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে লুকিয়ে আছেন বলে খবর পাওয়া যাচ্ছিল। এরপরই ভারতীয় বাহিনী অভিযান শুর করে।  

১৯৯৩ সালে মুম্বাইয়ের ১২টি বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে ২৫৭ জন নিহত হয়। আহত হয় অন্তত ৭১৩ জন।  ধারাবাহিক এই বিস্ফোরণে প্রায় ২৭ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে ২০১৯ সালে ভারতীয় সংস্থাগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে মুম্বাই বিস্ফোরণের অপরাধী আবু বকরকে গ্রেফতার করেছিল। এরপর নথিপত্রের অভাবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইউএই কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেয়।

দেশটির সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে,  আবু বকর পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ ও বিস্ফোরক প্রশিক্ষণের মতো কার্যকলাপে জড়িত ছিল। মুম্বাই বিস্ফোরণের সময় সন্ত্রাসী আবু বকর ভারতে বিপুল পরিমাণ আরডিএক্স নিয়ে এসেছিলেন বলে অভিযোগ রয়েছে।

আবু বকর আবদুল গফুর শেখ ও মোস্তফা দোসার সঙ্গে চোরাচালানের মামলায়ও জড়িত রয়েছে। সে উপসাগরীয় দেশগুলি থেকে সোনা, জামাকাপড় এবং ইলেকট্রনিক্স সামগ্রী মুম্বাইয়ে পাচার করত। এরপর ১৯৯৭ সালে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়। তখন থেকেই ভারতীয় সংস্থাগুলো তাকে খুঁজছিল। 

 

ইত্তেফাক/এসআর