ম্যালেরিয়া নির্মূলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০০:৪৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ জাহিদ মালেক বলেছেন, ম্যালেরিয়া নির্মূল করা আমাদের জন্য কঠিন কিছু হবে না, যদি সকলে মিলে কাজ করি। এই কাজ নিজের ঘর থেকে শুরু করতে হবে। মশার উত্পত্তিস্থল ধ্বংস করতে পারলে মশার বিস্তার হবে না। এ জন্যে ম্যালেরিয়া কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সকল বেসরকারি প্রতিষ্ঠান ও স্টেকহোল্ডারদের নিয়ে একত্রে কাজ করতে হবে। তাহলে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জন (এসডিজি) ২০৩০ সালের মধ্যে সম্ভব হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, বেসরকারি সংস্থা ব্র্যাক ও অন্যান্য সহযোগী সংস্থা এই সেমিনারের আয়োজন করে। ‘আমিই করবো ম্যালেরিয়া নির্মূল’—এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে এ বছর পালিত হলো বিশ্ব ম্যালেরিয়া দিবস।

মন্ত্রী বলেন, ২০০৮ সালে ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা ছিল ১৫৪ জন, ২০১৮ সালে তা কমে ৭ জনে নেমে এসেছে। এটা বড় অর্জন। এ অর্জন অব্যাহত রাখতে হলে মশার উত্পত্তিস্থলও ধ্বংস করতে হবে। মন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা ১০ হাজার ডাক্তার নিয়োগের সরকারি অনুমোদন পেয়েছি। আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার নিয়োগ সম্পন্ন  হবে। সেমিনারে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ও কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, ব্র্যাকের কমিউনিকেবল ডিজিজেস ও ওয়াশ কর্মসূচির পরিচালক ড. মো. আকরামুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জামান। এবারই প্রথমবারের মতো ৬৪টি জেলায় একযোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়।