রাউজানে ভেজাল খাদ্য বিক্রির দায়ে জরিমানা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪০

রাউজানে মিষ্টান্ন দ্রব্য উৎপাদনে রাসায়নিক দ্রব্যের ব্যবহার ও ভেজাল খাদ্য বিক্রির দায়ে দুই মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা ২ টায় উপজেলার রমজান আলী হাটে এই অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন। 

অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, মিষ্টান্ন দ্রব্য তৈরিতে রাসায়নিক উপকরণের ব্যবহার, ভেজাল ও বাসি খাদ্যদ্রব্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে শ্যামা মিষ্টি বিতানকে ২০ হাজার টাকা  এবং শাহান শাহ মিষ্টি ভাণ্ডারকে ২০হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, রাউজানে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এমএএম