নিয়োগ পেলেন ৪২তম বিসিএস-এর ৩৯৫৭ চিকিৎসক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৬

৪২তম বিসিএস (বিশেষ)-এ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ পাওয়া ৩ হাজার ৯৫৭ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ৪২তম বিশেষ বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে তিন হাজার ৯৫৭ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে (সহকারী সার্জন) নিয়োগ দেওয়া হলো। 

জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

করোনার প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে ২০২০ সালে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। সেখান থেকেই মেধা ক্রমানুসারে প্রায় ৪ হাজার চিকিৎসক নিয়োগের তালিকা প্রকাশ করে পিএসসি। 

 

ইত্তেফাক/জেডএইচডি