কোভিড-শূন্য অঞ্চলে জনজীবন স্বাভাবিক করা হলে তা এক বছরে প্রায় ২০ লাখ মানুষের মৃত্যুর কারণ হবে বলে সতর্ক করেছেন চীনের একদল গবেষক। এছাড়া, করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য সংক্রমণের বিস্তার রোধে ব্যবস্থা গ্রহণের চাইতে টিকার উন্নয়নই বেশি কার্যকর অস্ত্র হবে বলে মত তাদের। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে সারা বিশ্বেই জানুয়ারি থেকে সংক্রমণ বেড়েছে। চীন সরকার দেশে কোভিড প্রতিরোধে কঠোর ‘জিরো-কোভিড’ নীতিতে চলে গিয়েছিল। কিন্তু বেইজিংয়ে চলমান শীতকালীন অলিম্পিক আয়োজনের কারণে তাদের সেই কঠোর অবস্থান থেকে সরে আসতে হয়েছে।
চীনের বিজ্ঞানী এবং গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি রাখার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন। তারা সতর্ক করে বলেছেন, বর্তমানে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি। আর যদি সেটা হয় তবে গণ-সংক্রমণ স্বাস্থ্য ব্যবস্থার ওপর অসহনীয় চাপ সৃষ্টি করবে।
