বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিদেশি টি-২০ লিগে খেলার সুযোগ পেয়েছেন জাহানারা আলম। ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক ভারতের উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ডানহাতি এই পেসার। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।
উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ টুর্নামেন্ট গত বছরই শুরু করেছিল ভারত। যা নারী ক্রিকেটে আইপিএলের সংস্করণ বলা যেতে পারে। প্রথমবার মাত্র দুটি দল নিয়ে প্রদর্শনী ম্যাচ আকারে হলেও এবার অংশ নিচ্ছে তিনটি দল। বাংলাদেশের জাহানারা খেলবেন ভেলোসিটি দলে। আগামী ৬ থেকে ১১ মে ভারতের জয়পুরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। তিন দল পরস্পরের বিরুদ্ধে একবার করে খেলবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৩০ ও টি-২০ তে ৩৯টি উইকেট নিয়েছেন জাহানারা। আন্তর্জাতিক টি-২০ তে বাংলাদেশের হয়ে প্রথমবার ৫ উইকেট শিকারের কীর্তিও গড়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
